কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ।
- আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫৬২৭৫ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ।
তিন দশকের ব্রিজ এখন ‘মরণ ফাঁদ’: মুরাদনগরে ২০ হাজার মানুষের আর্তনাদ শুনবে কে?
সাইফুল সরকার, মুরাদনগর (কুমিল্লা)
চলার পথে হঠাৎ থেমে যায় চাকা, সামনেই হাঁ করে আছে এক বিশাল গর্ত। এ কোনো দুঃস্বপ্ন নয়, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশমুখের প্রতিদিনের চিত্র। ১৯৯২ সালে নির্মিত ব্রিজটি এখন এলাকাবাসীর কাছে অভিশাপের নাম। যেখানে জননিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে ব্রিজটি নিজেই এখন এক ‘মরণ ফাঁদ’।
সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৩৩ বছর আগে নির্মিত এই ব্রিজটির আয়ু ফুরিয়েছে অনেক আগেই। গত দুই বছর ধরে ব্রিজের মাঝখানের কাঠামো (টেম্বার) ভেঙে সৃষ্টি হয়েছে বড় গর্ত। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে দায়সারাভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে গর্ত ঢাকার চেষ্টা করা হলেও কয়েকদিন পরেই তা আবার কঙ্কালসার হয়ে বেরিয়ে পড়ে। গত পাঁচ মাসে এই দুর্ভোগ রূপ নিয়েছে চরমে।
আকবপুরসহ আশপাশের অন্তত তিনটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত এই এক চিলতে ভাঙা ব্রিজের ওপর দিয়ে। বিশেষ করে সিএনজি ও অটোরিকশা চালকদের জন্য এটি যমদূত হয়ে দাঁড়িয়েছে। অটোরিকশা চালক শিমুল ও শরীফ মিয়া ক্ষোভের সাথে বলেন, “পেটের দায়ে গাড়ি চালাই, কিন্তু প্রতিবার এই ব্রিজ পার হওয়ার সময় মনে হয় আজই বুঝি শেষ দিন। চাকা গর্তে পড়ে গাড়ি উল্টে অহরহ যাত্রী আহত হচ্ছে।”
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল একটি ট্রিপল মার্ডার মামলায় পলাতক থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে ইউনিয়নটি। ফলে জনগুরুত্বপূর্ণ এই সমস্যা সমাধানে নেই কোনো স্থানীয় উদ্যোগ। অন্যদিকে, দুই বছর ধরে জনদুর্ভোগ চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, “ব্রিজটির নাজুক অবস্থার কথা আমরা জানি। মেরামতের জন্য সম্ভবত একটি বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই কাজ শুরু হবে।”
কাগজে-কলমে বরাদ্দ কিংবা মৌখিক আশ্বাস আর শুনতে চায় না এলাকাবাসী। তাদের দাবি, কোনো বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই যেন এই ‘মরণ ফাঁদ’ অপসারণ করে একটি টেকসই ব্রিজ নির্মাণ করা হয়। ২০ হাজার মানুষের এই নিরাপদ পথচলার দাবি এখন সময়ের প্রয়োজনে গণদাবিতে পরিণত হয়েছে।৷









